'লিভারপুলের বড় চ্যালেঞ্জ ক্লপের বদলি খুঁজে বের করা' 

মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন জার্গেন ক্লপ। তার জায়গায় নতুন কোচ বেছে নিতে লিভারপুলকে অনেক কঠিন দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। রোববার (২৮ জানুয়ারি) লিভারপুল নরউইট সিটিকে ৫-২ গোলে বিধ্বস্ত করে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে। ক্লপের আকস্মিক সিদ্ধান্তের পর এটাই ছিল লিভারপুলের প্রথম ম্যাচ।

ক্লপের যোগ্য উত্তরসূরী খুঁজতে কষ্ট হলেও এক্ষেত্রে লিভারপুল সঠিক সিদ্ধান্ত নিবে বলেই বিশ্বাস করেন ভ্যান ডাইক। তিনি বলেছেন, ‘ক্লাবের হাতে এখন অনেক বড় একটি কাজ অপেক্ষা করছে এবং সবাই সেটা উপলব্ধি করতে পারছে। এখানে শুধুমাত্র কোচের বদলি নয়, পুরো কোচিং স্টাফ এখানে জড়িত, সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত রয়েছে। আমি বিষয়টি নিয়ে খুবই কৌতুহলি, কোথায় শেষ পর্যন্ত গিয়ে সবকিছু দাঁড়ায়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এর মাধ্যমে জার্গেন ক্লপের যুগ শেষ হতে যাচ্ছে।’

তিনি আরও বলেছেন, ‘আমি এখনো এর অংশ, যে কারণে এ সম্পর্কে কোন কথা বলতে চাইনা। এখন আমাদের ভালো মত মৌসুম শেষ করাই মূল লক্ষ্য। আশা করছি যে স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি সেটা সে পূরণ করতে পারবো। আর তখনই ক্লাবের ভবিষ্যৎ সবার সামনে আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। সবাই আরও ভালোভাবে সবকিছু বুঝতে পারবে।