ইউপি চেয়ারম্যানের হাতে সাবেক চেয়ারম্যান নিহত 

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিঠুন শেখর কুমার সিকদার (৬০) নিহত হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে পূর্ব বিরোধের জেরে স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটে। 

অভিযোগ পাওয়া গেছে, কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার তার দলবল নিয়ে প্রকাশ্যে হামলা চালায়। 

পুলিশ জানায়, হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ছাড়াও আরও ৮ জন আহত হয়েছে। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। এ দিকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া ঘটনার তদন্তে ইতিমধ্যে কাজ শুরু ডিবি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, ওসি মো. গোলাম সরওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে স্বাধীন হালদার (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। গা ঢাকা দিয়েছেন চেয়ারম্যানসহ অভিযুক্তরা । 

স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, হামলার পর সাবেক চেয়ারম্যানকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। নিহতের পরিবার বরিশাল নিতে চাইলে আমরা না করিনি।

পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান বলেন, অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে এসেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।