চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার চণ্ডীগড় মেয়র নির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ সোনকারের জয়কে প্রকাশ্য প্রতারণা বলে আখ্যায়িত করেছেন। এএপির কুলদীপ কুমারকে পরাজিত করে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোজ সোনকর। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর হিন্দুস্তান টাইমস।
নির্বাচনী প্রতিক্রিয়ায় কেজরিওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ বলেন, 'বিজেপি যদি মেয়র নির্বাচনে এতটা নিচে নামতে পারে, তবে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য তারা যে কোনো প্রান্তে যেতে পারে।'
৩৫ সদস্যের চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপির ১৪ জন কাউন্সিলর রয়েছেন। এএপি'র আছে ১৩ জন এবং কংগ্রেসের ৭ জন কাউন্সিলর। শিরোমণি আকালি দলের কাউন্সিলর রয়েছেন ১ জন। নির্বাচনে মনোজ সোনকার ১৬ ভোট পেয়ে বিজিয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী কুলদীপ কুমার পেয়েছেন ১২ ভোট। ৮টি ভোট অকার্যকর ঘোষণা করা হয়েছে। এএপি ও কংগ্রেসের কাউন্সিলররা ফলাফল ঘোষণার পরপরই প্রতিবাদ শুরু করে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাটকীয় দলবদলের পর নবগঠিত বিরোধী জোট বনাম এনডিএ-র প্রথম প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস-এএপি জোটের বিরুদ্ধে দাঁড়ায় বিজেপি।
চণ্ডীগড় মেয়র নির্বাচন মূলত ১৮ জানুয়ারি নির্ধারিত ছিল। তবে প্রিসাইডিং অফিসারের অসুস্থতার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এই নির্বাচন। পরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট '৩০ জানুয়ারি নির্বাচন হতে হবে' মর্মে নির্দেশ দেয় ।
বিজেপি প্রধান জেপি নাড্ডা এই জয়ে তার দলের পাঞ্জাব ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন।