রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় বাড়ির গেটের সামনে থেকে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ১৫০ সিসি বাজাজ পালসার মোটরসাইকেল চুরি হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশে কর্মরত পুলিশের এস.আই উৎপল কুমার সরকার। তার স্ত্রী আরএমপি পুলিশের এএসআই হিসাবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই উৎপলের ভাড়া বাড়ি চন্ডিপুর বাড়ির গেটের সামনে রাজশাহী-ল -১১২২২৫ নম্বরের সাদা কালো ১৫০ সিসি মোটরসাইকেলটি ঘাড় লক করে রেখে সাহেব বাজারে যান এসআই উৎপল। রাত সাড়ে ৯টার দিকে বাজার থেকে বাড়িতে ফিরে এসে দেখে তার রেখে যাওয়া মোটরসাইকেলটি যথাস্থানে নেই। অনেক খোঁজাখুজর পরেও মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি। পরে বিষয়টি রাজপাড়া থানা পুলিশে জানালে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এস.আই উৎপল কুমার সরকার বাদি হয়ে রাতেই রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।