বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আনোয়ার ফারভেজ। দুর্ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ বসর ও মোহাম্মদ আজিম নামের আরও দুই জন। ভোর পৌনে ৬টার দিকে টানেল সড়কের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার মধ্যে একজন নিহত হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: তালায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. জামিরুল ইসলাম (১৫)। বেলা ১১টার দিকে আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম পিপিএম সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা: বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কোল মাইনিং কোম্পানির উপব্যবস্থাপক জোবায়ের আলি নিহত হয়েছেন। সকালে উপজেলার কুতুবপুর ইউপির নাগেরহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের আলির বাড়ি কুড়িগ্রাম জেলায় হলেও তিনি রংপুর নগরীর কামারপাড়া মহল্লায় বাস করেন। বদরগঞ্জ থানার ওসি আ. লতিফ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গোাবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হলো উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে আরাফাত সানি (২২)। সোমবার রাত ১১টার দিকে আরাফাত সানি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মহিমাগঞ্জ বাজারের সোনারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আরাফাত সানির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।