অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিলে একজন সফল অভিনেত্রী হওয়া যায় ঠিকই, কিন্তু যদি এর পাশাপাশি যে অঙ্গনে কাজ করেন, সেখানকার সবার মন জয় করে না নেওয়া যায় তাহলে পূর্ণাঙ্গভাবে সফল হওয়া যায় না। নাদিয়া আহমেদ নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন, পাশাপাশি নিজের কর্মক্ষেত্রেও সবার মন জয় করেছেন তাঁর আন্তরিক ব্যবহার দিয়ে। তিনি গত ২১ জুন অনুষ্ঠিত অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন। আর এতেই প্রমাণিত হয় সবার কাছে একজন নাদিয়া আহমেদ কতটা ভালোবাসা ও আদরের মানুষ। অভিনয়শিল্পী সংঘ নিয়ে এই অভিনেত্রীর একটাই কথা, রাষ্ট্রীয়ভাবে শিল্পীর সম্মান প্রতিষ্ঠা এবং স্বার্থ সংরক্ষণ করা। গুণী এই অভিনেত্রী এরইমধ্যে দুটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে বিচারক হিসেবে কাজ করছেন। এ প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘আমি যে প্লাটফর্ম থেকে উঠে এসেছি, সেই প্লাটফর্মেরই বিচারক হিসেবে কাজ করতে পেরে অনেক আনন্দিত ও গর্বিত। বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার একটি কথাই বারবার মনে হয়েছে, আর তা হলো বিচারক হিসেবে দায়িত্ব পালন করা খুব কঠিন।’