র ফি কু ল ই স লা ম
এরইমধ্যে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয় মুখ সাঈদ বাবু। তবে গত বছর ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন টু’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় চলে আসেন তিনি। আর এরপর থেকেই সিনেমায় অভিনয়ের প্রতি আগ্রহটা যেন শতভাগে রূপ নেয়। জীবনের জন্য হয়তো ছোট পর্দায় তাঁর অভিনয় নিয়মিতই করে যেতে হবে, কিন্তু একজন অভিনেতা হিসেবে তৃপ্তি নিয়ে বেঁচে থাকার জন্য সিনেমায় কাজ করতে চান চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো চরিত্রগুলোয়। ঠিক তেমনি একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু। ‘ন ডরাই’ নামক একটি সিনেমায় এ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এরইমধ্যে সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। এতে সাঈদ বাবুর অনবদ্য উপস্থিতি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন ‘ন ডরাই’ মুক্তি পেলে সিনেমায় নিঃসন্দেহে সাঈদ বাবুর কাজ বেড়ে যাবে। কারণ তিনি দিনে দিনে নিজেকে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে পরিণত করছেন। শুধু সিনেমাতেই নয়, নাটকেও তিনি চ্যালেঞ্জিং চরিত্রগুলোতেই অভিনয় করছেন। যে কারণে নির্মাতাদেরও তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে সাঈদ বাবু বলেন, ‘সার্ফিং নিয়ে এবারই প্রথম আমাদের দেশে সিনেমা নির্মিত হলো। আন্তর্জাতিক মান বজায় রেখেই অংশু সিনেমাটি নির্মাণ করেছেন। এই সিনেমায় আমি একজন সার্ফারের ভূমিকায় অভিনয় করেছি। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে সার্ফিং শিখতে হয়েছে, শিখতে হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। আমার বিশ্বাস দর্শকের দারুণ ভালো লাগবে সিনেমাটি। দর্শকের ভালোলাগার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা রেখেই আমি সিনেমায় নিয়মিত কাজ করতে চাই। কারণ সিনেমায় নিজেকে আমি নতুন করে আবিষ্কার করতে পারি।’ আগামী অক্টোবরে সাঈদ বাবু অভিনীত ‘ন ডরাই’ সিনেমাটি মুক্তি পাবে। ২০০৮ সালে তানভীর মোকাম্মেলের নির্দেশনায় ‘রাবেয়া’ সিনেমায় অভিনয় করেন সাঈদ বাবু। এটি তাঁর অভিনীত প্রথম সিনেমা। এরপর তিনি সোহেল আরমানের ‘এই তো প্রেম’, রায়হান রাফির ‘পোড়ামন টু’ সিনেমায় অভিনয় করেন। গত ২৯ জুন সাঈদ বাবু লন্ডনে গিয়েছেন স্ত্রী টুম্পাকে সঙ্গে নিয়ে। সেখানে তিনি ক্রিকেট খেলা উপভোগ করবেন। রাজ চক্রবর্ত্তীর নির্দেশনায় একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে। সাঈদ বাবু ‘শান্তিপুরে অশান্তি’ ও ‘কালের যাত্রা’ নামক দুটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন।