ঈদের নাটক ‘ফেলটুস’-এ মম

মা হ মু দু ল  আ মি ন

 

তরুণ নাট্যনির্মাতা রিফাত আদনান পাপন নির্দেশিত ‘বৃশ্চিক :দ্য স্করপিয়ন’ নাটকটি গত ঈদে দর্শকদের মুগ্ধ করেছিল। যে কারণে নির্মাতা হিসেবে পাপন নিজের কাজে আরো অধিক আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। একজন নির্মাতা যখন নিজের কাজের জন্য দর্শকের কাছ থেকে সাড়া পেতে থাকেন, স্বাভাবিকভাবেই ভালো গল্প নিয়ে তাঁর কাজ করার আগ্রহও বেড়ে যায়। ঠিক তেমনি একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে রিফাত আদনান পাপন এবার নির্মাণ করেছেন ‘ফেলটুস’ নামের নাটক। নাটকে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতী লাক্সতারকা জাকিয়া বারী মম। তাঁর বিপরীতে অভিনয় করেছেন জোভান। নাটকে মম অভিনয় করেছেন অমি চরিত্রে এবং জোভান অভিনয় করেছেন জিসান চরিত্রে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। জাকিয়া বারী মম বলেন, ‘গল্প পছন্দ না হলে আমি কাজ করি না। বছরজুড়ে অনেক অনেক নাটকে কাজ করতে হবে আমাকে—এমন অভিনেত্রী নই আমি। গল্প ভালো লাগলে কাজ করব, তা না হলে বিশ্রাম করব। অযথাই মানহীন গল্পে কাজ করে কাজের পরিমাণ বাড়াতে চাই না। পাপনের নাটকের গল্প ভালো লেগেছে বিধায় কাজটি করেছি। তাঁর নির্দেশনায় প্রথম কাজ করেছি। আমি ও জোভান সাধ্যমতো চেষ্টা করেছি গল্পটাকে দর্শকদের ভালোলাগার উপযোগী করে মতো দাঁড় করাতে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’ নির্মাতা রিফাত আদনান পাপন বলেন, ‘আমার নির্দেশনায় এবারই প্রথম মম আপু অভিনয় করেছেন। তিনি নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে তা আরো ভালোভাবে উপলব্ধি করেছি এবং তিনি সত্যিকার অর্থেই একজন ভার্সেটাইল অভিনেত্রী। আমাকে মম আপু ও জোভান ভাই খুব সহযোগিতা করেছেন গল্পটাকে যথাযথভাবে তুলে ধরার জন্য।’ আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।