গোয়ালন্দে ট্রাক চাপায় দুই ভাই নিহত

গোয়ালন্দে মাটিবাহী একটি ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা দুই ভাই নিহত হয়েছেন।

নিহত দুই ভাইয়ের পরিচয়- রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন সরদার (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন সরদার (২৭)।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের মোকবুলের দোকান নামে একটি এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেলে থাকা দুই ভাই।

রাজবাড়ীর আহ্লাদীপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়। এরই মধ্যে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকটির চালক ও হেলপার (চালকের সহযোগী) পলাতক রয়েছেন। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’