ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী

 

কানাডায় আরো একবার রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্ববাসীকে সজাগ করতে ‘সলিডারেটি উইথ দ্য রোহিঙ্গা’ শীর্ষক সেমিনার ও বাংলাদেশি ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত কানাডার বারলিংটোন ওন্টারিও হলিডে ইন হোটেলে রোহিঙ্গা সলিডারেটি নেটওয়ার্ক ও ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন রিইউনিয়নের উদ্যোগে ফোজিত শেখ বাবুর এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেমিনারে লাউরেনটেইন ইউনিভার্সিটির ইকনোমিক্স বিভাগের প্রফেসর ড. সাদেকুল ইসলাম, যুক্তরাজ্যের এজ হিল ইউনিভার্সিটির ভূগোলের সিনিয়র লেকচারার ড. তাসলিম শাকুর, বাংলাদেশ সরকারের সাবেক শ্রম সচিব ড. মাহফুজুল হক, মেকগিল ইউনিভার্সিটির প্রফেসর আলিয়া খান, মেকগিল ইউনিভার্সিটির শিক্ষক আকিল লিলাসহ অনেকেই উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে। আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে।’

তাঁরা আরো বলেন, ‘প্রদর্শনীর চিত্রগুলো মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেছে। অনেক চিত্রে ফুটে উঠেছে—দুর্দশাগ্রস্ত রোহিঙ্গা শিশুদের অবস্থা, যাদের পিতামাতাকে হত্যা করা হয়েছে; সেইসব মা-বোনের আতঙ্ক, যাঁরা মিয়ানমার বাহিনীর হাতে নৃশংসভাবে ধর্ষিত হয়েছেন।’

এ প্রসঙ্গে ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবু বলেন, ‘আপনারা জানেন, বর্তমানে প্রায় ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে মানবেতর জীবনযাপন করছে। এসব রোহিঙ্গাকে মানবতার খাতিরে আশ্রয় দিয়েছি আমরা। কিন্তু আমাদের মতো দেশের জন্য দীর্ঘমেয়াদে এই বিশাল জাতিগোষ্ঠীর ভার নেওয়া প্রায় অসম্ভব। তাই এই রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্ব জনমত সৃষ্টির লক্ষ্যে আমার এই আলোকচিত্র প্রদর্শনী।’ উল্লেখ্য, এটি বাবুর দশম আলোকচিত্র প্রদর্শনী। এর আগেও তিনি দেশ-বিদেশে ৯টি আলোকচিত্র প্রদর্শনী করেছেন।