মো. লুত্ফুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে নবগঠিত সম্মিলিত নাট্যজোট, কুমিল্লার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাট্যগুরু সম্মাননা পদক প্রদান করা হয়। গত ২৩ জুন কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে সম্মিলিত নাট্যজোট সভাপতি মাহফুজুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক চন্দন রেখা, সভাপতি মণ্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর ও শান্তনু। অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতের থিয়েটার বিষয়ক গবেষক ড. আশিষ গোস্বামী ও ভারতের ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক অভিক ভট্টাচার্য্য। অনুষ্ঠানে কুমিল্লার বিশিষ্ট নাট্যজন শাহজাহান চৌধুরীকে জোটভুক্ত নাট্য সংগঠন ও নাট্যকর্মীদের পক্ষ থেকে নাট্যগুরু সম্মাননা পদক প্রদান করা হয়। একইদিন বিকেলে শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় ভারতের থিয়েটার গবেষক ড. আশিষ গোস্বামী ও অভিক ভট্টাচার্য্যের ‘বিষয়:থিয়েটার’ শীর্ষক আলোচনা ও জিজ্ঞাসা পর্বে কুমিল্লার অন্তত ৮০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে নবগঠিত সম্মিলিত নাট্যজোট কর্মকর্তাদের পরিচয় করিয়ে দিয়ে শপথবাক্য পাঠ করান জোটের প্রধান উপদেষ্টা শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জোটের সাধারণ সম্পাদক রিপন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আশিক পায়েল। শেষে ভিসিটির নাটক ‘বুদ্ধি নাই বুদ্ধি চাই’, প্রতিবিম্ব থিয়েটারের ‘হোম সার্ভিস’ ও বাবুল বাউলের একক সংগীত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।