নাজিরপুরে ৩ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের প্রায় ২০ হাজার জনসাধারনের যাতায়াতের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। র্দীঘদিন ধরে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ৩ গ্রামের মানুষ। 

চলতি বছরের জানুয়ারী মাসে স্থানীয়দের উদ্যোগে প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে ২৩নং উওর ডুমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিলডুমরিয়া আবাসন প্রকল্প সংলগ্ন খালের উপর ১২০ ফুট র্দৈঘ্য সাঁকোটি তৈরি করা হয়।  

ছবি: অনুপ কুমার সিকদার

সরেজমিনে দেখা যায়, উপজেলার দেউলবাড়ী, সোনাপুর, বিলডুমরিয়া গ্রামের মানুষকে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, হাটবাজারসহ দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য প্রায় ৫ কিলোমিটার দূরে গাঁওখালী বাজারে যেতে এ সাঁকোটি পার হতে হয়। বেশী দুর্ভোগে পড়তে হয় আবাসন প্রকল্পে বসবাস রত কোমলমতি শিশু শিক্ষার্থীদের। 

এই সাঁকো দিয়ে চলাচলকারী বিলডুমরিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা শাহজাহান বলেন, আমাদের এই বাঁশের সাঁকো দিয়া রাইতের বেলা টর্চ দিয়া পা টিপিটিপি করে চলা লাগে। এ ছাড়া আমাদের সন্তানদের স্কুলে যাওয়ার সময়ে খালে পইড়ে যাওয়ার ভয়ে অভিভাবকরা চিন্তিত থাকি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন খান বলেন, সাঁকোটির স্থানে পুল নির্মাণের প্রস্তুতি চলমান রয়েছে।