জামালপুরের সরিষাবাড়ীতে থানা পুলিশের হেফাজতে আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় ইউপি চেয়ারম্যান, পুলিশের এসআইসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতে নিহতের বাবা আব্দুস সামাদ দুলু (৬০) বাদী হয়ে মামলটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিকালে আনোয়ার হোসেন সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা বাজারে গেলে পূর্বশত্রুতার জেরে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের নির্দেশে তার অনুসারী সোহেল রানা, ফিরোজ মিয়া ও মনছুর মিয়া তাকে তুলে নিয়ে যায়। পরে তারা স্থানীয় চাপারকোনা মহেষচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পিছনে নিয়ে তাকে ব্যাপকভাবে মারধর করে। এরপর হামলাকারীরা পুলিশে খবর দিলে সরিষাবাড়ী থানা পুলিশ গিয়ে আনোয়ার হোসেনকে আহত অবস্থায় থানায় নিয়ে যায়। পরে রাত ১১টার দিকে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন তার লোকজন নিয়ে থানায় প্রবেশ করে। এরপর রাত সাড়ে ১১টার দিকে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন আনোয়ারের বাবা আব্দুস সামাদ দুলুকে ফোন করে জানায় তার ছেলে গুরুত্বর অসুস্থ। তাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে আনেয়ারকে মৃত অবস্থায় দেখতে পায় তার বাবা।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় সোহেল রানা (২৮), ফিরোজ মিয়া (৩৪), মনছুর মিয়া (৩২), ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন (৪০) ও সরিষাবাড়ী থানায় কর্মরত পুলিশের এসআই শহিদুল ইসলামকে (৩৫) আসামী করে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই ঘটনায় কি পদক্ষেপ নিয়েছেন তা আদালতকে আগামী তিন কার্যদিবসের মধ্যে জানাতে বলেছেন।