মনোহরদীতে ইউপি সদস্যের দেওয়া মান্নতের বিরিয়ানি খেয়ে তিন গ্রামের কয়েক শ লোক অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জীবকায়া, রামপুর ও চর আহাম্মদপুর গ্রামে।
খিদিরপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নিজ পরিবারের মান্নত পুরো করতে গত শুক্রবার নিজবাড়িতে বিরিয়ানি রান্না করে তিন গ্রামের কয়েকটি জুমা মসজিদে মুসল্লিদের ও এলাকার লোকজনের মধ্যে কয়েক হাজার বিরিয়ানি প্যাকেট বিতরণ করেন। ইউপি সদস্যের সর্বরাহকৃত এই বিরিয়ানি খেয়ে গত দুই দিনে তিন গ্রামের প্রায় কয়েক শ লোক অসুস্থ হয়ে পড়েছে।
বিরিয়ানি খেয়ে অসুস্থ হওয়া পশ্চিম রামপুরের রিমি বেগম বলেন, মসজিদ থেকে আনা বিরিয়ানি খেয়ে তার পরিবারের চার জন অসুস্থ হয়েছে, তারা পাতলা পায়খানা, বমি, জ্বরে ভুগছেন বলে জানান।
বিরিয়ানি সরবরাহকারী ইউপি সদস্য সেলিনা বলেন, ‘আমি আমার এলাকার মানুষদের কিছু আপ্যায়ন করতে চাচ্ছিলাম, তাই আমার বাড়িতে রান্না করে খাবার তৈরি করে মসজিদে দিয়েছিলাম।’
এ বিষয়ে খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাওসার রশিদ বিপ্লবের কাছে জানতে চাইলে—তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউপি সদস্য সেলিনা তার নির্বাচনি এলাকার লোকজনকে খাওয়ানোর জন্য ধারদেনা করে তার বাড়িতে খাবার রান্না করে প্যাকেট করে তা মসজিদে মসজিদে বিতরণ করেন। খাবারগুলো দীর্ঘক্ষণ প্যাকেটে থাকার কারণে নষ্ট হয়ে যেতে পারে, এ কারণে হয়তো লোকজন অসুস্থ হয়েছে। তিনি বলেন, অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে, ইতিমধ্যে অনেকে সুস্থ হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাসেদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন রোগী ভর্তি আছে, তাদের সবার পেট ব্যথা, বমি, জ্বর। আপাতত কোনো রোগী গুরুতর নয়।