পাকিস্তানে নির্বাচন

প্রচারণা শেষ হচ্ছে আজ

আসন্ন ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হবে আজ। নির্বাচন সামনে রেখে সকল রাজনৈতিক কর্মকাণ্ডের উপর দুই দিনের স্থগিতাদেশের কারণে আজ রাতে নির্বাচনী প্রচারের পর্দা নামবে। ঘড়ির কাটায় ১২টা স্পর্শ করার সাথেসাথে শুরু হয়ে যাবে বাধ্যতামূলক 'কুল-ডাউন'। খবর পানিস্তানি সংবাদ সংস্থা ডনের।

পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দেশের নির্বাচনী আইন অনুযায়ী ৬ থেকে ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে নির্বাচনী প্রচারের পর্দা নেমে যাবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা আইন লঙ্ঘন করবে তাদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

নির্বাচনী আইন, ২০১৭ এর ১৮২ ধারায় বলা হয়েছে, "কোনো ব্যক্তি সিনেট নির্বাচন বা প্রাদেশিক নির্বাচনের নির্বাচনী এলাকায় নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মোট আটচল্লিশ ঘণ্টার মধ্যে কোনো জনসভা আহ্বান, আয়োজন বা যোগদান করতে বা কোনো মিছিলে যোগদান করতে বা প্রচার করতে পারবেন না।"

নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে আসার সাথেসাথে রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সাম্প্রতিক দিনগুলিতে তাদের নির্বাচনী প্রচারণা জোরদার করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন।

ছোট-বড় সমাবেশে বক্তৃতার সময় তারা তাদের অর্জনগুলো উল্লেখ করছেন। ভবিষ্যতের জন্য তাদের পরিকল্পনা ব্যক্ত করে নানান প্রতিশ্রুতি দিয়ে আরও বেশি সমর্থন আদায়ের প্রচেষ্টা করছেন।