অল্পের জন্য রক্ষা পেলেন পাকিস্তানের রাজনৈতিক দলের শীর্ষ নেতা

রাত পোহালেই পাকিস্তানে নির্বাচন। ভোটের লড়াই শুরুর আগে দেশটিতে ঘটেছে সহিংসতা। বিস্ফোরণ থেকে শুরু করে বন্দুক হামলার ঘটনা ঘটেই চলেছে। বুধবার সন্ধ্যায় দেশটির রাজনৈতিক দল জেইউআই-এফ দলের শীর্ষ নেতার বহরেও হামলা চালানো হয়েছে।

জেইউআই-এফ দলের শীর্ষ নেতা হাফিজ হামদুল্লাহ চমন যাওয়ার পথে তার বহরের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটে। তিনি হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন।

দলটির প্রাদেশিক তথ্য সচিব দিলাওয়ার কাকার ডন ডটকমকে জানিয়েছেন, জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহর গাড়ি বেলুচিস্তানের চমনে বন্দুকযুদ্ধের শিকার হয়েছে। হামলায় হামদুল্লাহ নিরাপদ রয়েছেন। জেইউআই-এফ নেতার রক্ষীরা পাল্টা গুলি চালালে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দলের সেক্রেটারি জানিয়েছেন, ঘটনাটি ঘটার সময় হামদুল্লাহ চমন থেকে কোয়েটা যাচ্ছিলেন।

বেলুচিস্তানে প্রার্থীদের কার্যালয়ের সামনে পৃথক বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছে। এই প্রদেশে পরপর বিস্ফোরণে কয়েক ঘণ্টা পরই এই ঘটনা ঘটেছে। কিলা সাইফুল্লাহে জেইউআই-এফ নির্বাচনী কার্যালয়ের বাইরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।