দার্শনিক, শিক্ষাবিদ ও শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. গোবিন্দ চন্দ্র দেবের দখলকৃত ভিটেবাড়ি পুনরুদ্ধারের দাবি জানানো হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাংলা একাডেমির মূল মঞ্চে অনুষ্ঠিত ‘স্মরণ : গোবিন্দ চন্দ্র দেব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ দাবি জানান বক্তারা।
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক, সাংবাদিক ও কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল।
গোবিন্দ চন্দ্র দেবের জীবনাদর্শ থেকে শেখার আছে উল্লেখ করে জয়দুল হোসেন বলেন, ‘এই মহান ব্যক্তির ভাববাদী জীবন এবং জীবনের আদর্শ থেকে অনেক কিছু শেখার আছে।’
সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলেন, ‘গোবিন্দ চন্দ্র দেবের সিলেটের বিয়ানী বাজারের লাউতা গ্রামের ভিটেবাড়ি দখল হয়ে গেছে।’ এ সময় ভিটেবাড়ি পুনরুদ্ধারের দাবি জানিয়ে তার নামে জাদুঘর স্থাপনের প্রস্তাব দেন তিনি।
এছাড়া অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।