‘পিটিআইয়ের জয়ী আসনে কারচুপি করতেই ফল ঘোষণায় বিলম্ব’

পাকিস্তানে ভোট শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা হতে চলেছে। দীর্ঘ এই সময় পেরিয়ে গেলেও পূর্ণ ফল ঘোষণা করতে পারেনি দেশটির নির্বাচন কমিশন। ফল বিলম্ব করাকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জয়ী আসনে স্পষ্ট কারচুপির প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন দলটির নেতা গোহর খান। খবর ডন ডট কম।

শনিবার গণমাধ্যমকে গোহর খান বলেন, ‘পিটিআই-এর জয়ী আসনগুলোকে পরাজয়ে রূপ দেওয়ার একটি দৃশ্যত প্রচেষ্টা ছিল। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে ৮ ফেব্রুয়ারি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অধিকার কাজে লাগিয়েছে।’

তিনি আরও বলেন, ভোটের পরের দিন দুপুর ২টার মধ্যে ফল ঘোষণা করা এবং বিলম্ব হলে কারণ ব্যাখ্যা করা ইসিপির ‘সাংবিধানিক ও আইনগত দায়িত্ব’।

ইসিপির শেষ দায়িত্ব ছিল স্বচ্ছভাবে ফল সংকলন করা। এ কথা উল্লেখ করে গোহর বলেন, আইন অনুযায়ী সংকলন প্রক্রিয়ার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী, একজন নির্বাচনী এজেন্ট এবং একজন অনুমোদিত পর্যবেক্ষক উপস্থিত থাকতে হবে।