মাঝ আকাশে অসুস্থ এক প্রবাসীর জীবন বাঁচালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ২ ফেব্রুয়ারি সৌদি থেকে দেশের উদ্দেশে বিমানে ওঠার পর অসুস্থ হলে জরুরি অবতরণের করে তাকে সেখানে চিকিৎসা দেওয়া হয়। পরে গত রোববার ওই প্রবাসীকে দেশে স্বজনদের কাছে পৌঁছে দেয় সংস্থাটি।
আজ মঙ্গলবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রায় দুই বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান ঢাকার দোহারের বাসিন্দা আশিক মিয়া ওরফে খোকন। গত ২ ফেব্রুয়ারি সেখান থেকে দেশের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করেন তিনি। বিমানটি সৌদি থেকে উড্ডয়নের ১ ঘণ্টা পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খোকন। তিনি জ্ঞান হারিয়ে ফেললে ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করান।
বিমান থেকে নামিয়ে প্রথমে খোকনকে বিমানবন্দরের ইমারজেন্সি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে কেআইএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার ব্রেন স্ট্রোক এবং অসুস্থতার গুরুত্ব বিবেচনা করে ওই রাতেই মাস্কাটের বিখ্যাত সরকারি খওলা হাসপাতালের নিউরোলজি বিভাগে নেওয়া হয়। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আইসিউতে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ১০ ফেব্রুয়ারি তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ২ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমান অফিসের কর্মকর্তাদের তত্ত্বাবধানে খোকনের ওমানের ভিসা করা এবং ৩টি হাসপাতালে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে ১১ ফেব্রুয়ারি বিজি-৭২২ ফ্লাইটে দেশে এনে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে সব খরচ বহনের ব্যাপারে হাসপাতাল ও এয়ারপোর্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে বিমানের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে।