ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান জানিয়েছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজধানীর ১২২টি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য পুলিশের অন্তত ৩২টি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে।
গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। নির্বিঘ্নে কেন্দ্রে যেতে প্রয়োজনে পুলিশের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়ে মো. মুনিবুর রহমান বলেন, এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়া সহজ করতে ১৮টি সুপারিশ করা হয়েছে। মূল বিষয়গুলোর পরীক্ষা চলাকালে ডিএমপি ট্রাফিকের আটটি জোনে প্রায় ৩২টি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে, যারা অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা দেবে পরীক্ষার্থীদের।
পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের প্রতি সড়কের যানজট, প্রকল্পের কাজসহ নানান প্রতিবন্ধকতার কথা মাথায় রেখে কেন্দ্রে রওনা দেওয়ার আহ্বান জানান ট্রাফিক পুলিশের এ অতিরিক্ত কমিশনার। এ সময় পরীক্ষাকেন্দ্রের আশপাশে অযাচিত পার্কিং না করে অভিভাবক/পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন পরীক্ষা কেন্দ্র থেকে দূরবর্তী নিরাপদ স্থানে পার্কিং করার জন্য অনুরোধ জানান তিনি। মুনিবুর রহমান বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রের সামনের সড়কে দাঁড়িয়ে গেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে অন্যান্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়, তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের কেন্দ্রের সম্মুখে প্রধান গেটে ও রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলো। পরীক্ষাকেন্দ্রের সামনে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে হবে।