পাবনায় ২০ হাজার টাকার জন্য কলেজছাত্র হত্যা, গ্রেপ্তার ৫

মোবাইল ফোনে ডেকে নিয়ে মারধর ও পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি ও মুক্তিপণ না দেওয়ায় মিজানুর রহমান (২১) নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে হত্যার সঙ্গে জড়িত আরও ৫ আসামিকে। 

Pabna Arrest Pic(14.2.24)

এর আগে গত ৩১ জানুয়ারি মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর করা হয়। আর পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারি মারা যান তিনি।

নিহত মিজানুর সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি আটঘরিয়া সরকারি (অনার্স) কলেজে এইচএসসি মানবিক বিভাগে লেখাপড়া করতেন। এ ঘটনায় পাবনা সদর থানার মামলা দায়ের করেন নিহত মিজানুর রহমানের বাবা শহিদুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তি ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার থানার আমিনবাজার এলাকা থেকে প্রথমে রাফিউল ইসলাম রাফি, ইয়াছিন আলী রাহাত ও নাঈম ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে পাবনা সদর থানার রাধানগর ডিগ্রি বটতলা এলাকা থেকে শরিফুল ইসলাম শরিফ ও ইসতিয়াক মাহমুদ মিশনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।