সরস্বতীর আরধনায় ব্যস্ত শিক্ষার্থীরা একদিন দেশের হাল ধরবেন: মেয়র

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এই সম্প্রীতি আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনের সামনে অনুষ্ঠিত সরস্বতী পূজা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা জানে সারা দুনিয়া। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে সবকালে, সব যুগে। বিদ্যা দেবী সরস্বতীর আরধনায় ব্যস্ত শিক্ষার্থীরা একদিন দেশের হাল ধরবেন। তাদের নেতৃত্বেই দেশে এগিয়ে যাবে। এখন তাদের প্রস্তুতির সময়। 

তিনি বলেন, তারা দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সবার দোয়া ও আশির্বাদে অবশ্যই একদিন তারা সফল হবেন। আসাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে তারা অবশ্যই গর্ববোধ করবে। আমরা তেমন একটি দেশ গড়ার কাজে শেখ হাসিনার নেতৃত্বে নিয়োজিত।

এ সময় তার সঙ্গে ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি ভানুজয় দাশ, সাধারণ সম্পাদক বিন্দু মজুমদার, চন্দন দাশ, অংশোমান ভট্টাচার্য্য রাকু, জয়দেব বিশ্বাস, সুব্রত রায় দুলাল, সমীরন মোদক টিটু, লিপু সিংহ, জ্যোতিষ চক্রবর্তী, রাজু রায়, সুষেন দে, শেখর দেবনাথ, ধনঞ্জয় দাশ, লিটন পালসহ অনেকে।

এর আগে মেয়র রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। মেয়র হাসপতালে কর্মরত চিকিৎসক, নার্স এবং শিক্ষার্থীদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানান।