জামালপুরে হত্যা মামলায় সাত জনের যাবজ্জীবন

জামালপুরে লিটন হত্যা মামলার রায়ে সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয় জন আদালতে উপস্থিত ছিল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো—মো. মিজান, মো. সোহেল, মো. সুমন, মো. লাভলু, হেলাল উদ্দিন, মো. মিজান ও মো. মজিবুর রহমান। এদের মধ্যে মো. মজিবর রহমান পলাতক রয়েছে। তাদের সবার বাড়ি সদর উপজেলার রামদেববাড়ী গ্রামে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জানুয়ারি সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় কলেজছাত্র লিটনকে গলা কেটে হত্যার পর লাশ আগুনে পুড়ে ফেলার চেষ্টা করা হয়। লিটন তুলসীপুর ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র ছিলেন। তিনি একটি স্থানীয় সমিতির সদস্য ছিলেন। সেখানে টাকা লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় লিটনের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।