চাঁদপুরের কচুয়ায় অটোরিকশা চালক মো. সাব্বির হোসেন (১৮) হত্যা মামলার রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, লুণ্ঠিত অটোরিকশা ও চালকের ব্যবহৃত মোবাইল ফোনসেট।
বুধবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতার আসামিরা হলো—মো. জহির বাবলা, মো. আনিছুর রহমান, মো. রাজু বেপারী, মো. রাকিব, মো. আমির হোসেন হানজালা, কবির হোসেন এবং হামিদুর রহমান।
পুলিশ সুপার জানান, কচুয়া পালাখাল ইউনিয়নের ভুঁইয়ারা গ্রামের অটোরিকশাচালক মো. সাব্বির হোসেন গত ২৪ জানুয়ারি বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এর পর রাতে ফেরেননি। পরদিন ২৫ জানুয়ারি বিকালে পুলিশ ঐ ইউনিয়নের সেঙ্গুয়া নামক স্থান থেকে হাত-পা বাঁধা সাব্বিরের লাশ উদ্ধার করে। এই ঘটনায় চালকের মা ২৬ জানুয়ারি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন রাজিবসহ পুলিশের টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে আসামি হানজালাকে গ্রেফতার করে। পরে তার তথ্যের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেফতার করা হয়।