দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের নবম তলার ফ্ল্যাট থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় 'সচেতন নাগরিক সমাজ'র ব্যানারে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের দ্য ডেইলি স্টার সেন্টারের সামনে এই মানববন্ধন হয়।
এ সময় প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান মানববন্ধনকারীরা ।
গত ৬ ফেব্রুয়ারি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে পড়ে মারা যান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রীতি উরাং (১৫)।
এ ঘটনায় পরদিন প্রীতির বাবা ও মিতিংগা চা বাগানের শ্রমিক লোকেশ উরাং বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করে মামলা করেন।
সবশেষ গত ১৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের দুজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।