রাজধানী ঢাকায় আইন না মেনে নির্মাণকাজ চালানো ভবনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তেজগাঁওয়ের তেজকুনি পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় সংস্থাটি।
অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান।
এসময় রাজউক জোন ৪/১ এর আওতাধীন তেজকুনি পাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নকশা-বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয় এবং ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মোহাম্মদ কামরুজ্জামান জানান, ওই নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ আংশিক অপসারণের পাশাপাশি ভবন মালিকের কাছ থেকে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি নকশা-বহির্ভূত অংশটি সম্পূর্ণ অপসারণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। জনস্বার্থে রাজউকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে রাজউকের জোন ৪/১ এর অথরাইজড অফিসার ইমরুল হাসান, সহকারী অথরাইজড অফিসার শাহজাহান, সহকারী অথরাইজড অফিসার এজাজ আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।