রাশিয়ার ওপর ইইউ ও যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও  যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র রাষ্ট্রগুলো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দুই বছরপূর্তি উপলক্ষ্যে এই সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বিষয়ে আলোচনা করা হয়। এদিকে ইউক্রেনের একাধিক স্থানে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন এক কর্মকর্তা বলেন, ওয়াশিংটন ও তার মিত্ররা রাশিয়াকে ‘শক্তিশালী’ নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে এর চেয়ে বেশি কিছু বিস্তারিত বলেননি মার্কিন ঐ কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে নতুন যে নিষেধাজ্ঞা আসবে তা ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে হবে কি না, সেটি নিয়ে সন্দেহ আছে। কারণ ইউক্রেনের জন্য বরাদ্দকৃত টাকা কমে গেছে বাইডেন প্রশাসনের। আর এদিকে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অতিরিক্ত তহবিলের জন্য একটি আবেদন ঝুলে আছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দুই বছরপূর্তি উপলক্ষ্যে আলোচনার বিষয়বস্তু উল্লেখ করে কর্মকর্তা বলেন, এ সভায় ইউক্রেনের হাজার হাজার মানুষকে হত্যা বা শহর ধ্বংস করা হয়েছে সেই আলোচনা হয়নি। শুধু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হয়েছে। কর্মকর্তা বলেন, ব্রাসেলসে ইইউ, যুক্তরাজ্য ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর এবং নতুন পদক্ষেপ সমন্বয় করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। কর্মকর্তা আরো বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রভাবের পাশাপাশি বিভিন্ন ঝুঁকি ও সুপারিশ নিয়ে আলোচনা করেছে অংশীদাররা। তাছাড়া পৃথকভাবে, বুধবার ব্রাসেলসে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ১৩তম প্যাকেজ কী হবে তা নিয়ে প্রথম আলোচনা করেন ইউরোপীয়ান ইউনিয়নের ২৭ জন দূত।

এদিকে, হাঙ্গেরিকে ইঙ্গিত করে ইইউর এক জন কর্মকর্তা বলেন, প্রস্তাবিত প্যাকেজের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন সব প্রতিনিধি। শুধু একজন প্রস্তাবের বিষয়বস্তু বিশ্লেষণ করার জন্য সময় চেয়েছেন। কর্মকর্তা বলেন, ইইউর নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার প্রায় ২০০ জন ব্যক্তি ও সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হতে পারে। কিন্তু এই প্রস্তাবে কোনো আমদানি ওপর নিষেধাজ্ঞা থাকবে না। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিসের সাবেক পরিচালক জন স্মিথ বলেন, নিষেধাজ্ঞা প্যাকেজে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, ব্যক্তি ও কোম্পানির পাশাপাশি রাশিয়ার অর্থনীতিতে অতিরিক্ত খাত অন্তর্ভুক্ত হতে পারে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতে নতুন করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।  বৃহস্পতিবার রুশ সেনারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। কিয়েভের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিস্ফোরণের কথা জানান প্রত্যক্ষদর্শীরা। অঞ্চলটির মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়োজিত ছিল। এ সময় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। লভিভের মেয়র আন্দ্রি সাডোভি জানান, পোল্যান্ডের সঙ্গে ইউক্রেনের সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে নতুন এই হামলায় এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।