রাজধানীর আফতাবনগরে রাস্তায় ঢালাইয়ের কাজ করার সময় ট্রাকের ধাক্কায় শাজাহান (৫০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকের চালককে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটিও।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. শহীদ জানান, আফতাবনগরের মেইন রোডে ঢালাইয়ের কাজ করছিল শাহজাহান। এ সময় দ্রুতগতির ট্রাক একটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটি তারাই তদন্ত করছে।