সিপিজের প্রতিবেদন

গত বছর বিশ্বজুড়ে ঝরেছে ৯৯ সাংবাদিকের প্রাণ, ৭৭ জনই নিহত গাজায়

এক দশকের মধ্যে গণমাধ্যমের জন্য ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়ানক বছর। এই এক বছরে বিশ্বজুড়ে নিহত ৯৯ সাংবাদিকের মধ্যে ৭৭ জন ইসরাইল-হামাস যুদ্ধে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এ তথ্য জানিয়েছে। খবর বাসসে।

সিপিজে বলছে, ২০২৩ সালের ডিসেম্বরের এক প্রতিবেদনে দেখা গেছে, একটি দেশে সারা বছরে যত বেশি সাংবাদিক মারা গেছে, ইসরায়েল-গাজা যুদ্ধের প্রথম তিন মাসে তার চেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন। চলমান ইসরায়েল-হামাস সংঘর্ষে এখন পর্যন্ত নিহত ৭৭ সাংবাদিকের মধ্যে ফিলিস্তিনেরই ৭২ জন। আর বাকিদের মধ্যে তিনজন লেবানিজ ও দুজন ইসরায়েলি রয়েছেন।

গাজার সাংবাদিকরা যুদ্ধের সামনের সারিতে ছিলেন উল্লেখ করে সিপিজের প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ বলেছেন, এ যুদ্ধে ফিলিস্তিনি সাংবাদিকদের যে বিশাল ক্ষতি হয়েছে, তা শুধু ফিলিস্তিনি অঞ্চলে নয়, এ অঞ্চলে এবং তার বাইরেও সাংবাদিকতার জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।

এর আগে কর্তৃক সাংবাদিকদের ওপর ইসরায়েলি বাহিনীর এ ধরনের আচরণকে ‘নিপীড়ন’ বলে সমালোচনা করেছে সিপিজে। পাশাপাশি গাজা সংঘাতে নিহত এক ডজন সাংবাদিককে ইচ্ছাকৃতভাবে ইসরায়েলি সেনারা টার্গেট করেছে কিনা তা নিয়েও তদন্ত করছে।