প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী রাজ্যসভা নির্বাচনের জন্য তার হলফনামায় ১২ কোটি ৫৩ লাখ ভারতীয় রুপি সমমূল্যের সম্পদ আছে বলে উল্লেখ করেছেন। হলফনামায় সোনিয়া গান্ধীর ইতালির সম্পত্তির কথাও উল্লেখ রয়েছে। খবর হিন্দুস্তান টাইমস্।
ইটালির লুইজিয়ানাতে পৈত্রিক বাড়ি রয়েছে সোনিয়া গান্ধীর। ভারতে আসার আগে সেখানে থাকতেন তিনি। সেই বাড়ির যে ভাগ রয়েছে সোনিয়ার নামে তার সম্পত্তি মূল্য প্রায় ২৭ লাখ রুপি বলে হলফনামায় জানিয়েছেন তিনি। এছাড়াও তার কাছে রয়েছে ৮৮ কেজি রুপো, ১.২৬৭ কেজি সোনা ও গয়না। নয়াদিল্লির ডেরা মান্ডি গ্রামে তিন বিঘা জমিও রয়েছে। যার বাজারমূল্য ৫.৮৮ কোটি রুপি। সাংসদ হিসাবে বেতন, ব্যাংক প্রাপ্ত সুদ, বই থেকে প্রাপ্ত রয়্যালটি এবং বিভিন্ন সম্পত্তি থেকে নিজের রোজগারের কথাও বিস্তারিত জানিয়েছেন তিনি।
নিজের কোনো গাড়ি নেই বলে হলফনামায় জানিয়েছেন সোনিয়া গান্ধী। নেই কোনো সোশ্যাল মিডিয়া এক্যাউন্ট। সোনিয়ার কাছে নগদ অর্থ রয়েছে ৯০ হাজার রুপি।
উল্লেখ্য, ২০১৯ সালে সোনিয়ার ঘোষিত সম্পত্তির মূল্য ছিল ১১.৮২ কোটি রুপি। গত লোকসভা নির্বাচনের সময়ের তুলনায় সোনিয়ার সম্পত্তির পরিমাণ ৭২ লক্ষ টাকা বেড়েছে। যদিও ইতালির পৈতৃক সম্পত্তি নিয়ে সোনিয়ার দাবিতে সন্দেহ প্রকাশ করেছে বিজেপি।
বিজেপি নেতা যোগেন্দ্র সিং তনওয়ার রাজ্যসভার কাউন্সিল অফ স্টেটের রিটার্নিং অফিসারের উদ্দেশে লেখেন, সোনিয়া তার ঘোষণায় ইতালির সম্পত্তির প্রকৃত অবস্থান জানাননি। এটি রোম, ফ্লোরেন্স, মিলান, ট্রেন্টো বা অন্য কোনো শহরে অবস্থিত কিনা তা বলা হয়নি। মোট সম্পত্তির কত ভাগ তার অংশ তাও জানাননি সোনিয়া।
রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার পর সোনিয়া জানান, আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। উত্তরপ্রদেশের রায়বরেলি কেন্দ্রের ভোটারদের উদ্দেশে খোলা চিঠিতে ‘পরিবারে’র পাশের থাকার আবেদন জানিয়েছেন ৭৭ বছরের নেত্রী। তিনি রাজস্থান থেকে রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন। সোনিয়া গান্ধী জানান যে রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তটি মূলত তার বয়স এবং স্বাস্থ্যের কারণে ছিল।