হাসপাতালে চিকিৎসা নিলেন মির্জা ফখরুল 

হাসপাতালে চিকিৎসা নিলেন সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।  

ডা. জাহিদ হোসেন বলেন, কারাবন্দি অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার ওজন প্রায় ৬ কেজি কমে গেছে এবং বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। তাই স্পেশাললাইজড হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গ্যাসস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিন তাকে দেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন। 

তিনি আরও বলেন, এখন মহাসচিবের শারীরিক অবস্থা ভালো। বাসা থেকে তার চিকিৎসা চলছে। আগামী বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য তাকে আবারও হাসপাতালে যেতে হবে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ।