তুমুল লড়াই, জ্বালানিসংকট ও ইসরায়েলের সেনাদের অব্যাহত অভিযানের মুখে বন্ধ হয়ে গেল ‘নাসের’ নামের গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল। স্থানীয় প্রশাসন ও জাতিসংঘের স্বাস্থ্য কর্মকর্তারা গতকাল রোববার জানান, হাসপাতালটিতে নতুন রোগীদের সেবাদান একেবারে বন্ধ হয়ে গেছে।
ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ও গুরুতর জখম নিয়ে অসংখ্য ফিলিস্তিনি সামান্য হলেও এ হাসপাতালে চিকিৎসা পাচ্ছিলেন। কিন্ত এটিও বন্ধ হয়ে যাওয়ায় গাজার স্বাস্থ্যসেবাব্যবস্থা আরও বড় সংকটে পড়ল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল–কিদ্রা গতকাল রয়টার্সকে বলেন, ‘সেখানে সেবাদান একেবারে বন্ধ হয়ে গেছে। সেখানে মাত্র ৪টি মেডিকেল দলে ২৫ জন কর্মী আছেন। ভেতরে যেসব রোগী আছেন, এখন শুধু তাদেরই সেবা দিচ্ছেন কর্মীরা।’
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতাল চালানোর মতো জ্বালানি বা কর্মী না থাকায় গতকাল থেকে হাসপাতালটিতে সেবাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় এখন অর্যন্ত ২৮, হাজার ৯৮৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন, ৬৮ হাজার ৮৮৩ জন।