অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মাহবুবুর রহমান তুহিনের বই ‘সময়ের সংলাপ’। বইটি প্রকাশ করেছে অনার্য পাবলিকেশন্স। সময় বহমান, সেই সময় আর জীবন সত্ত্বার অভিন্ন রূপায়নের কথাগুলোই ফুটে উঠেছে এই বইয়ে।
মাহবুবুর রহমান তুহিন জানান, কাল ধাবমান, সময় বহমান। কালের খেয়া বয়ে চলে সারাবেলা। প্রতিমুহূর্তেই বেজে ওঠে সময়ের ঘড়ি। আর সময়ের সমষ্টিই জীবন। তাই সময় আর জীবন এক সত্ত্বার অভিন্ন রূপায়ন। আমাদের জীবনযাপনের এইসব দিনরাত্রির কথাগুলোই ‘সময়ের সংলাপ’।
বইটির প্রকাশক অনার্য পাবলিকেশন্সের স্বত্বাধিকারী শফিক রহমান বলেন, সময়ের চোখ খোলা, হাত বাঁধা নেই। তাই কালের যাত্রার ধ্বনি শুনতে শুনতেই সংলাপ সাজে মনের মুকুরে। তখন সংলাপগুলো হয়ে ওঠে মনের আয়না। এই আয়না কোনো বায়না রাখে না। তাই সংলাপগুলো নিঃসঙ্গ ফেরিওয়ালা; যে প্রার্থনা করে সাহসী পুরুষের।
বইটির প্রচ্ছদ এঁকেছেন প্রীতম আদিত্য রায়। অমর একুশে বইমেলার ৪৯৮-৫০১ স্টলে বইটি পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।