দেশীয় ও আন্তর্জাতিকভাবে রেজিস্ট্রেশনযোগ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে জিআই পণ্য হিসেবে রেজিস্ট্রেশন করা পণ্যের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত। ১৯ মার্চের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া রুলে জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বাণিজ্য সচিব, কৃষি সচিব, সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি জানান, ভৌগোলিক নির্দেশক পণ্যগুলোকে নিয়ে রিট করেছি। আদালত সব জিআই পণ্যের একটি পূর্ণাঙ্গ তালিকা করতে আদেশ দিয়েছে।