শরীয়তপুরের ভেদরগঞ্জে চুলকানি নিরাময়ে ধুতরা পাতার শাক খেয়ে একই পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার উপজেলার চর কুমারিয়া ইউনিয়নের খাস গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন—ঐ এলাকার মৃত নুর হক খানের স্ত্রী বেলাতুন নেসা (৬০), ছেলে লিটন খান (৪০), পুত্রবধূ লাকি বেগম (৩৫), লিটন খানের মেয়ে লামিয়া (৯), সামিয়া (৫) ও ছেলে সায়মন (৭)।
লিটন খানের চাচা মো. রুস্তম বলেন, ওদের পরিবারের সবার চুলকানির সমস্যা ছিল। এক লোকের পরামর্শে লিটন ধুতরা পাতা নিয়ে তার বউয়ের কাছে দিলে সে পাক করে। সেই শাক ঘরের সবাই খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। প্রতিবেশী বিলকিস বেগম বলেন, ওরা সবাই ধুতরা শাক খেয়েছিল। এরপরই একে একে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ভেদরগঞ্জে নিয়ে এলে সেখানকার ডাক্তার সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন।
এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. শারমিন আক্তার বলেন, আমরা সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে এক জন বয়স্ক নারী ও এক শিশুর অবস্থা ক্রিটিক্যাল মনে হয়েছে। তাই তাদের ঢাকায় রেফার করার কথা বলা হয়েছে।