পর্যটক নিয়ে বঙ্গোপসাগরে দেড় ঘণ্টা বিকল এমভি বারো আউলিয়া

সেন্টমার্টিন থেকে ইনানীর উদ্দেশে ছেড়ে আসা পর্যটকবাহী জাহাজ এমভি বারো আউলিয়া ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে দেড় ঘণ্টা ভেসেছিল।পরে যান্ত্রিক ত্রুটি ঠিক হলে জাহাজটি ইনানীর উদ্দেশে রওনা করেন।

মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি) ৪টার দিকে জাহাজটি সেন্ট মার্টিন জেটিঘাট থেকে ছেড়ে আসার ৪৫ মিনিট পর বিকল হয়ে পড়ে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. ইয়ামিন হোসেন বলেন, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা পর্যটকবাহী জাহাজ এমভি বারো আউলিয়ার  ইঞ্জিনের পাইপে পানি ঢুকে পড়ায় জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পাইপটি পরিষ্কার করার পর জাহাজটি আবার চালু হলে তখন জাহাজটি ইনানীর উদ্দেশে রওনা করেন।

এমভি বারো আউলিয়া জাহাজের কয়েকজন পর্যটক বলেন, বিকাল ৪টার দিকে সেন্টমার্টিন জেটি থেকে জাহাজটি ইনানীর উদ্দেশে যাত্রা করে। ৪৫ মিনিট পর জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় দেড় হাজার যাত্রী নিয়ে জাহাজটি সাগরে ভাসছিল। যাত্রীদের আতঙ্কিত না হতে বারবার মাইকিং করা হচ্ছিল। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাহাজটি আবার চালু হয়। সব মিলিয়ে ১ ঘণ্টা ২৫ মিনিট বন্ধ অবস্থায় সাগরে ভেসে ছিল।এরপর ইনানীর দিকে ছেড়ে আসে।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তের ওপারে চলমান সংঘাতের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এরপর সেন্টমার্টিন-ইনানী নৌপথ ব্যবহার করে পর্যটক পরিবহন করে আসছে বারো আউলিয়া। এছাড়া জাহাজটির যাত্রী ধারণক্ষমতা ৮৫০ জনের হলেও দেড় হাজার যাত্রী নিয়ে জাহাজটি যাতায়াত করছেন বলে অভিযোগ উঠেছে।