মিরসরাইয়ে আজহারুল হক চৌধুরী ফাউন্ডেশনের উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাইয়ে আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) ফাউন্ডেশন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার জাফরাবাদ গ্রামে মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোজাহের হোসেন চৌধুরী (সোহেল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল বলেন, আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) ছিলেন মিরসরাইয়ের আলোকিত মানুষ। তিনি সমাজ সেবার পাশাপাশি শিক্ষা বিস্তারেও আজীবন কাজ করে গেছেন। তিনি চলে গেলেও তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় এখনো সগৌরবে শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়িয়ে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার, প্রতিষ্ঠাতা সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী, মোফাজ্জেল হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নুরুল মোস্তফা, এসএম আবু সুফিয়ান বিপ্লব, সাবেক মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান প্রমুখ।

উল্লেখ্য, আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) জীবদ্দশায় সমাজসেবার পাশাপাশি উপজেলার মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও মিরসরাই পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেন। বাবার নামে প্রতিষ্ঠা করেন মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়। তার স্মরণে পরিবারের পক্ষ থেকে সামাজিক ও স্বেচ্চাসেবকমূলক কাজ করার জন্য আজহারুল হক চৌধুরী (নওশা মিয়া) ফাউন্ডেশন করা হয়েছে।