‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার।
আলোচনা সভায় প্রধান অতিথি ইকবাল হোসেন অপু বলেন, বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের কারণে প্রথম গ্রেফতার হয়েছিলেন এবং কারাগারে অনশন করেছিলেন। বঙ্গবন্ধু যেমন স্বাধীনতার স্থপতি, জাতির পিতা, এবং ভাষা সৈনিক। ৫২ থেকে ৭১ এ সময় হচ্ছে রক্তের ইতিহাস। আর রক্তের বিনিময়ে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। ৫২ ভাষার দাবিতে সেদিন আমাদের সূর্য সন্তান রফিক, সালাম, বরকত, শফিক, জব্বারসহ অসংখ্য জাতির সন্তানরা সেদিন শহীদ হয়েছিলেন। আর ভাষার জন্য তারা জীবন উৎসর্গ করার কারণেই একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। যাদের বিনিময়ে বাংলা ভাষার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত অর্জিত হয়েছে। যাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা পেয়েছে মাতৃভাষা বাংলা তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। আর একুশের চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন্দ, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতৃত্ববৃন্দ।