নাইক্ষ্যংছড়িতে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহা।

তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এএসআই বিল্লাল হোসেন জানান,  অভিযান চালিয়ে বাইশারী ইউনিয়নের দুর্গম পাহাড়ের ৩ নম্বর ওয়ার্ড আলীক্ষ্যং এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে এই ২ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয়। 

এরা হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নারিচবুনিয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মামুন উদ্দিন প্রকাশ মামুন (২১) একই এলাকার মৃত্যু আহমেদ হোসেনের ছেলে হারুন অর রশিদ। তাদের বিরুদ্ধে মাদক মামলায় ১ বছরের সশ্রম  কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বান্দরবান। এই ২ জনকে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বান্দরবান আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।