পুলিশ বেশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল ডাকাতরা, আটক ১

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতির সময় জহিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার পাচঁগাওঁ ইউনিয়নের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্তত ৬ জন পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত সোয়া ১০টার দিকে উপজেলার টঙ্গিবাড়ী-হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ এলাকায় পুলিশের ছদ্মবেশ ধরে চেকপোস্ট বসায় ৭ সদস্যের ডাকাত দল। এ সময় তারা ওই সড়কে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করেছিল। এক পর্যায়ে সেখানে লোক সমাগম দেখে স্থানীয় পুলিশের একটি টহল গাড়ি থামলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে করলে স্থানীয়দের সহায়তায় ওই দলের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, গ্রেপ্তার জহিরুল ইসলাম সক্রিয় ডাকাত দলের সদস্য। এ দলের সদস্যরা বিভিন্ন ছদ্মবেশে ডাকাতি করে আসছিল।