প্রিমিয়ার ফুটবলে ময়মনসিংহে মোহামেডান-আবাহনীর ম্যাচ আজ। রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা ৩টায়। এই মাঠে দুই দলই গতকাল বিকালে অনুশীলন করতে গিয়েছিল। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মূল মাঠ ভালো রাখতে গিয়ে অনুশীলনের সুযোগ পায়নি মোহামেডান-আবাহনী। মাঠের সাইডে অনুশীলন করে হোটেলে ফিরতে হয়েছে।
ময়মনসিংহে মোহামেডানের ভেন্যু লিগের ম্যাচ, অথচ সংবাদমাধ্যমের কেউ নেই। দর্শকের আগ্রহ নেই। কেউ ভিড় করেনি মাঠের গেটে। ঢাকা থেকে দেশের সেরা দুই দলের খেলোয়াড়রা অনুশীলনে মনযোগী, গেটের ফাঁক গলে কেউ ঢোকার চেষ্টা করেনি। একটা সময় এই দুই দলের লড়াইয়ের উত্তেজনার স্রোত সীমান্ত ছাড়িয়ে যেত। আলফাজ, নকিব, নজরুলদের কথাও যদি বলা হয়, তখনো মাঠ ছিল উত্তেজনায় ঠাসা।
মোহামেডান কোচ আলফাজ আহমেদ ময়মনসিংহে মুঠোফোনে কথা বলছিলেন। মোহামেডান-আবাহনীর ম্যাচের কোনো সংবাদকর্মীর দেখা নেই। তারা যদি না আসেন দেশের ফুটবল উন্নতি হবে কীভাবে? আক্ষেপ করছিলেন আলফাজ। আবাহনীর ম্যানেজার নজরুল ইসলামও যেন একই কথা বলে গেলেন। ময়মনসিংহের মাঠে খেলতে গিয়ে মনে হয়নি মোহামেডান-আবাহনী ম্যাচ নিয়ে কারো আগ্রহ আছে। নজরুলের কথা পরিষ্কার, ‘ঢাকার বাইরে দর্শক হয় না। এই ম্যাচটাই (মোহামেডান-আবাহনী) যদি ঢাকায় হতো দর্শক আসতো। ঢাকার বাইরে খেলা হয়, দর্শক হয় না।’
জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আলফাজ, বলছিলেন, ‘দর্শক নাই চাপ নাই, সাংবাদিক নাই চাপ নাই। আমরা যখন খেলেছি তখন সাংবাদিকের ফোনে পাগল হয়ে যেতাম। ফোনের পর ফোন। এধরনের ম্যাচের আগে ইন্টারভিউ দেওয়া নিয়ে ব্যস্ত থাকতে হতো। খেলোয়াড়দের নিয়ে টানাটানি চলত। এখন সেই প্রেসারটা নেই। প্রেসার যা আছে কোচ আর ম্যানেজারের ওপর।’ আলফাজ বলছিলেন, ‘অনুশীলন শেষ করে হোটেলে রুমে বসে আছি। আগে যেমন বসে থাকলেও নিশ্চিন্ত থাকা যেত না। বাইরে দর্শক ঘোরাঘুরি করত। দর্শক নিয়ে স্নায়ুর চাপ থাকত সেটা নেই ঠিকই। ম্যাচ নিয়ে আমাদের স্নায়ুর চাপ আছে।’
১০ দিন আগে গোপালগঞ্জে ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় মোহামেডান ২-১ গোলে হারিয়েছিল আবাহনীকে। সেই ম্যাচ আর আজকের ম্যাচের মধ্যে পার্থক্য দেখেন আলফাজ-নজরুলরা। আলফাজের চোখে শিরোপার লড়াইয়ে টিকে থাকার লড়াই। টপে থাকা বসুন্ধরা কিংসের আছে ৮ খেলায় ৭ জয়ে ২১ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান ৮ খেলায় ৪ জয় এবং ৪ ড্রয়ে ১৬ পয়েন্ট পেয়েছে। শিরোপা জয় করতে পারবে কি না, সেটা নিয়ে ভাবনা নেই আলফাজের। তার এক কথা চ্যাম্পিয়ন ফাইটে থাকতে হলে কিংসের পেছনে দৌড়াতে হবে। এই গতি ধরে রাখতে হবে জানালেন আলফাজ। তার অধীনে ফেডারেশন কাপের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। সেই কোচ আলফাজ আবাহনীর বিপক্ষে ৩ পয়েন্ট তুলে নিতে মাঠে নামবেন। আলফাজ বললেন, ‘আমি তিন পয়েন্টের জন্য নামব। ফাইটে থাকতে হলে আজ জিততে হবে।’
আবাহনীর অবস্থা খুব ভালো না। মোহামেডানের পেছনেই আছে, তৃতীয় স্থানে। ৮ খেলায় ৪ জয়, ২ ড্রয়ে আবাহনীর পয়েন্ট ১৪। জিততে পারলে মোহামেডানকে টপকে যাবে, আবাহনীর জন্য অনেক বড় সুযোগ আজ। আবাহনীর আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি আবাহনীকে নিয়ে টেনশনে রয়েছেন। যতটা ভালো করার আশায় আরও একবার বাংলাদেশে এসেছিলেন তা করতে পারছেন না। আবাহনীর পারফরম্যান্সটা তার মনমতো হচ্ছে না বলে জানিয়েছিলেন ক্রুসিয়ানি। আজকের জয়টা তার কাছে খুব জরুরি, কারণ হেরে গেলে বিপর্যয় ঘটবে। আরও নিচে নেমে যাওয়ার আশঙ্কা থাকবে।