ফের সৈকতে ভেসে এলো অলিভ রিডলে কচ্ছপের মরদেহ

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে অলিভ রিডলে প্রজাতির দুটি মৃত কচ্ছপ। গতকাল বৃহস্পতিবার সকালে বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন উত্তর শিলখালী সমুদ সৈকতে কচ্ছপ দুটি ভেসে আসে। এর দুদিন আগেও সোনাপাড়া সৈকতে একই প্রজাতির দুটি মৃত কচ্ছপ ভেসে এসেছিল।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, গতকাল সকালে উত্তর শীলখালী সমুদ্র সৈকত এলাকার চরের মধ্যে দুটি মৃত কচ্ছপ ভেসে আসে। তবে সেগুলো সেখানে আছে কিনা জানিনা। জোয়ারের পানিতে ভেসে যেতে পারে।

কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের বাহারছড়া শীলখালী'র সাইট ফ্যাসিলিটেটর লিয়াকত আলী বলেন, ভেসে আসা কচ্ছপ দুটি অলিভ রিডলে প্রজাতির। তাদের একেকটির ওজন ৩০-৪০ কেজি এবং দৈর্ঘ্যে আড়াই ফিট হবে। কচ্ছপ দুটির ফ্লিপারে রশি পেঁচানো ছিল বলে জানা গেছে। 

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অলিভ রিডলে প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ সমুদ্র সৈকতে নভেম্বর ও মার্চ মাসে বেশির ভাগ সময় চরে ডিম ছাড়তে আসে। তবে এর মধ্যে সাগরে জেলেদের জালে আটকা পড়ে বার বার সামুদ্রিক মা কচ্ছপ মারা যাওয়ার ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, গত ২০ ফেব্রুয়ারি উখিয়ার সোনাপাড়া সমুদ্র সৈকতে অলিভ রিডলে প্রজাতির দুটি মৃত কচ্ছপ ভেসে আসে। এগুলোর পেট থেকে ১৮৫টি ডিম পাওয়া যায়। পরে কচ্ছপ দুটিকে বালিয়াড়িতে মাটিচাপা দেওয়া হয়। এর আগেও সেন্টমার্টিন ও সোনাদিয়া দ্বীপ পর্যন্ত উপকূল থেকে গত ১ জানুয়ারিতে ২৯টি মা কচ্ছপের মরদেহ উদ্ধার করা হয়েছিল বলে তিনি জানান।