ক্লাব কাপ হকিতে প্রথম ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠে গেছে মোহামেডান। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ক্লাব কাপ হকিতে নিজের প্রথম খেলায় মোহামেডান ৫-১ গোলে হারিয়েছে পুলিশকে। এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। কারণ পুলিশ প্রথম ম্যাচে মেরিনারের কাছে হেরে ছিল। কাল শেষ ম্যাচে হেরে পুলিশের বিদায় হয়ে যায়।
‘ক’ গ্রুপে মোহামেডান শেষ ম্যাচ খেলবে মেরিনারের বিপক্ষে, আগামীকাল বিকাল ৪টায়। সন্ধ্যা ৬টায় আবাহনী খেলবে ঊষার বিপক্ষে। তারপরই নির্ধারণ হয়ে যাবে সেমিফাইনালের প্রতিপক্ষ। কাল রাতে পুলিশের বিপক্ষে মোহামেডানের ডিফেন্ডার আমিরুল ইসলাম জোড়া গোল করেন। এছাড়া দ্বীন ইসলাম ইমনউল , শফিআলম শিশির এবং আশরাফুল আলম একটি করে এবং পুলিশের একমাত্র গোলটি করেন আহসান হাবীব।
বিকালের খেলায় ঊষা ৫-২ গোলে অ্যাজাক্সকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিতে চলে গেল। ভারতীয় খেলোয়াড় সুকল্যাণ খেলেছেন ঊষায়, তার পারফরম্যান্সে সন্তুষ্ট না কোচ আশিকুজ্জামান। হাসান যুবায়ের নিলয় এবং আরশাদ হোসেন জোড়া গোল করেন। অন্যটি তৈয়ব আলীর। অ্যাজাক্সের রাকিবুল ও তানজিম একটি করে গোল করেন।