সুজানগরের দুলাই ইউনিয়নের শান্তিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে ভাতিজা রিপন হোসেনের ছুরিকাঘাতে চাচা কালাম হোসেন নিহত হওয়ার পর এবার একই ঘটনায় আহত আরেক চাচা তালেব হোসেন (২৮) মারা গেছেন। বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গত ২৬ জুন রাতে ওই গ্রামের হানিফ প্রামাণিকের ছেলে রিপন গং ও তার চাচা কালাম গংদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রিপনের ছুরিকাঘাতে তার চাচা কালাম হোসেন (৩৩), তালেব হোসেন (২৮) ও জামাল হোসেন (২৫) মারাত্মকভাবে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কালাম ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরের দিন তালেব ও জামালকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
থানার ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতিপূর্বে এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামি রিপনসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। তবে আসামিরা গা-ঢাকা দেওয়ায় ধরা সম্ভব হচ্ছে না।
ইত্তেফাক/আরকেজি