সব হত্যাকাণ্ড মামলার বিচার দ্রুত শেষ করার আহ্বান নাসিমের

দেশে সংঘটিত সব হত্যাকাণ্ড মামলার বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 'চলমান রাজনৈতিক বিষয়ক' এই আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সমস্ত অপরাধের বিচার হচ্ছে। নিম্ন আদালতে বিচারের পর সেটা উচ্চ আদালতে আটকে যাচ্ছে, সময় লাগছে। আমি আইনমন্ত্রীকে বলবো, উচ্চ আদালতে এই বিচারগুলো দ্রুত শেষ করার ব্যবস্থা করেন।'

কয়েটি রাজনৈতিক দলের গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতাল ডাকার সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, 'হরতালের রাজনীতি এখন ভোতা হয়ে গেছে। হরতাল দিয়ে নৈরাজ্য করে, হৈচৈ করে লাভ হবে না। যারা ডেকেছেন তাদের বলবো হরতাল প্রত্যাহার করেন। আমরাও বলেছি গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে। আমি বিএনপিকে বলবো আপনাদের প্রতিনিধিদের বলেন সংসদে এটা নিয়ে কথা বলতে।'

এ সময় 'ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে গুলির মামলার রায় সাজানো' বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 'আসলে এরা কত বড় ভণ্ড। এত বড় ঘটনাকে বলছে মিথ্যা। এই হচ্ছে বিএনপির রাজনৈতিক চরিত্র। আমি তাদেরকে বলবো অন্যায়ের রাজনীতি মিথ্যা রাজনীতি করবেন না।'

আরও পড়ুন:  গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতে আবেদনের শুনানি ৯ জুলাই

তিনি আরও বলেন, 'সেদিন শেখ হাসিনাকে হত্যা করার জন্য ট্রেনে বগিতে বোমা হামলা ও গুলি চালানো হয়েছিল। আগে থেকেই বিএনপির লোকজন স্টেশন ঘিরে রেখেছিলো। খুলনা থেকে জনসংযোগ করে ঈশ্বরদীতে ট্রেন দাঁড়ালে শেখ হাসিনা দরজার সামনে আসেন। তখন তাকে লক্ষ্য করে ট্রেনের উপর গুলি চালানো হয়। দীর্ঘদিন পড়ে হলেও এই মামলার বিচার হয়েছে।'

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী ও ডা. দিলীপ রায়, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/জেডএইচডি