কলেজছাত্রের হাত বিচ্ছিন্নের ঘটনায় সেই বাসচালক গ্রেফতার

রাজশাহীর কাটাখালিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ফিরোজ সরদারের হাত বিচ্ছিন্ন হওয়ার অভিযোগে বাসচালক ফারুক হোসেন সরকারকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টায় পুঠিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হয়েছে ওই বাসের সঙ্গে ধাক্কা লাগা ট্রাকটি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গত ২৮ জুন সন্ধ্যায় কাটাখালি পৌরসভার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফিরোজ সরদারের ডান হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম থানার নামোইট গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: শিক্ষক পেটানো সেই তোফাজ্জল জেলহাজতে

পরদিন ফিরোজের বাবা মাহফুজুর রহমান বাদি হয়ে নগরীর কাটাখালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর বাস ও ট্রাক শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। গত শনিবার রাতে ‘মোহাম্মদ পরিবহন’ নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-০৪৬২) নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে আটক করা হয়। ফিরোজ ওই বাসে চড়েই বগুড়া থেকে রাজশাহী ফিরছিলেন। 

ফিরোজের হাত চাপ দেওয়া ট্রাকটি সনাক্ত করে গত বুধবার রাত ১১টায় আটক করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত জানানো হবে। 

ইত্তেফাক/অনি