পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য পেশাদার চালকদের রিফ্রেশার প্রশিক্ষণ ও ব্যবহারিক পরীক্ষার আয়োজন করে নোয়াখালী বিআরটিএ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এমন গণসচেতনতামূলক প্রশিক্ষণ এবং পরীক্ষা নেন তারা।
এদিন ১৩১ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকারীরা বিআরটিএ এর সকল সার্কেলে ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন অনলাইনে দাখিল করতে পারবেন। এর ফলে শুধুমাত্র একদিন আবেদনকারীকে বিআরটিএর পরীক্ষা কেন্দ্রে যেতে হবে।
এদিন নোয়াখালী সার্কেলের বিআরটিএ এর সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুনের তত্বাবধানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়।
পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করার বিগত ১২ ফেব্রুয়ারি থেকে এ প্রক্রিয়াই বিআরটিএর সকল সার্কেলের অন্তর্ভুক্ত পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের কার্যক্রম চালু করা হয়েছে।
এ অনলাইন আবেদন প্রক্রিয়া চালুর ফলে পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীকে শুধু একবার বিআরটিএর প্রশিক্ষণ কেন্দ্র/পরীক্ষা কেন্দ্রে এসে বায়োএনরোলমেন্ট প্রদান, রিফ্রেশমেন্ট প্রশিক্ষণ গ্রহণ ও দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদনকারী তার বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে প্রথমে অনলাইন ভেরিফিকেশন বেজড কিউআর কোড সংবলিত প্রবেশপত্র গ্রহণ করতে হবে। পরে রিফ্রেশার ট্রেনিং ও দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অনলাইনেই ফি প্রদান ও ডোপ টেস্ট রিপোর্ট স্ক্যান কপি সংযুক্ত করে আবেদন সাবমিট করতে হবে।
এছাড়া আবেদনকারীর পরীক্ষার ফলাফল এবং আবেদন প্রক্রিয়াকরণের প্রতিটি পর্যায়ের স্ট্যাটাস অনলাইনে তার বিএসপি অ্যাকাউন্টে জানতে পারবেন এবং কিউআর কোড বেজড সিস্টেম জেনারেটেড মোটরযান চালনার ই-ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে পারবেন। প্রিন্টিং কার্যক্রম সম্পাদন শেষে আবেদনকারীর চাহিত ঠিকানায় ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে।
সেবাগুলো পেতে বিআরটিএর (bsp.brta.gov.bd) প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রিপূর্বক ইউজার আইডি খুলতে হবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মোবাইল নম্বর নিবন্ধন থাকতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ সোহরাব হোসেন। জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মো: সিরাজ উদ দৌলা এবং সংবাদিক প্রতিনিধিবৃন্দ।