আগুন লাগার পরের দিনও উৎসুক জনতার ভিড় রাজধানীর বেইলি রোডে পুড়ে যাওয়া সেই ভবনটির সামনে। শুক্রবার (১ মার্চ) সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষ ভবনটির সামনে আসতে থাকে। কেউ স্বজনদের খোঁজে আবার কেউ এসেছেন দেখতে।
দেখা যায়, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ ছাড়া র্যাব ও পুলিশের আলাদা দল, ফায়ার সার্ভিসের একটি দল ভবনে প্রবেশ করেছে। তারা বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
সকাল থেকে প্রতিষ্ঠানটির সামনে হাজার হাজার উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। সবার নজর পুড়ে যাওয়া ভবনের দিকে। গণমাধ্যমের কর্মীরাও সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ভিড় করছেন। ভবনের সামন ঘিরে রেখেছে পুলিশ।
রাজধানীর ব্যস্ততম এলাকার সেই ভবনটির অধিকাংশ ফ্লোরে ছিল খাবারের দোকান। সাততলা ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান ছিল।
এছাড়া তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও ছিল খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হতো সেখানে। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যেতেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের ওই ভবনের নিচের অংশে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।