কক্সবাজারের চকরিয়ায় মোবাইল চুরির অপবাদে মো. হাসান (১৪) নামে এক কিশোরকে দফায় দফায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনকারীরা ওই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তা ভাইরাল হয়। বুধবার (৩ জুলাই) সকালে চকরিয়া পৌর শহরের হক মার্কেট কাঁচা বাজার ও তরছঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
হাসান চকরিয়া পৌরসভার ২নং নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার মৃত জাকের আহমদের ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
বড় ভাই আনছারুল করিম জানান, হাসান চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা হক মার্কেটস্থ কাঁচা বাজারের একটি মুরগীর দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। প্রতিদিনের মত বুধবার সকালে সে বাড়ি থেকে দোকানে যায়। কাজ করার সময় সকাল ৭টার দিকে হঠাৎ তার বিরুদ্ধে মোবাইল চুরির মিথ্যা অভিযোগ আনা হয়। এ সময় চকরিয়া পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের তরছঘাটা এলাকার জনু সওদাগরের ছেলে মিনহাজ উদ্দিন, একই এলাকার রশিদ আহামদের ছেলে আজিম ও তারবন্ধু ওসমান গণির নেতৃত্বে ৫/৬ জন যুবক ভাইকে নির্যাতন করে।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি
তিনি আরও বলেন, এক পর্যায়ে তারা হাসানকে নির্যাতন চালিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের তরছঘাট এলাকায় নিয়ে যায়। সেখানে গাছের সঙ্গে বেঁধে আবারও পেটানো হয়। পরে স্থানীয়রা হাসানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/অনি