নিউইয়র্ক পুলিশে পদোন্নতি পেলেন বাংলাদেশি ৪ কর্মকর্তা 

নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট ও অফিসার থেকে সার্জেন্ট পদে চার বাংলাদেশি কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তরা হলেন সার্জেন্ট ইমরান খান ও তালেব হোসেন এবং অফিসার দ্বিজেন রায় ও ফজলে তানিম। 

স্থানীয় সময় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে নিউইয়র্কের কুইন্সে পুলিশ একাডেমিতে জমকালো অনুষ্ঠানে পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবান পদোন্নতিপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন। 

বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেক্টিভ জামিল সরোয়ার জানান, বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরি হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) ট্রাস্টি অফিসার সোনিয়া বড়ুয়া, কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর সার্জেন্ট আব্দুল লতিফ এবং বাপা’র নেতারাসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের চারজন সদস্যের পদোন্নতিতে বাপা’র প্রেসিডেন্ট ও ডিটেকটিভ স্কোয়াডের সার্জেন্ট এরশাদুর সিদ্দিক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্যাপ্টেন একেএম শফিউল আলম প্রিন্স এবং জেনারেল সেক্রেটারি ও ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন। তাদের সাফল্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।